পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, একাত্তরের প্রেতাত্মা জামায়াত সন্ত্রাস করতে চায়। ওরা ভাস্কর্য নিয়ে কথা বলে। জাতির পিতা, জাতির পিতাই। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা বলে তারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক না। রোববার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে উপমন্ত্রী বোয়ালখালীতে কর্ণফুলী নদীভাঙন এলাকা পরিদর্শন করেন।এনামুল হক শামীম বলেন, অপরাজেয় বাংলা, স্বোপার্জিত স্বাধীনতা, সংশপ্তক- এই ভাস্কর্যগুলো দেখতে দেখতেই আমরা বড় হয়েছি। বঙ্গবন্ধু হচ্ছেন স্বাধীনতার ঘোষক, বঙ্গবন্ধু হচ্ছেন পৃথিবীর ইতিহাসে একমাত্র নেতা যিনি প্রধানমন্ত্রী না হয়েও যা বলতেন তৎকালীণ পূর্ববাংলার সাড়ে সাত কোটি মানুষ তার কথায় চলতেন।
তিনি বলেন, তার কথাতেই বাঙালিরা ঘরে ঘরে দুর্গ গড়ে তুলেছিলো। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা বলে তারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক না, একাত্তরের ঘাতক, তারা পরাজিত শক্তি।
প্রধানমন্ত্রীকে নিয়ে আল্লামা শাহ আহমদ শফীর উক্তিকে স্মরণ করে তিনি বলেন, আমরা প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে (আল্লামা শাহ আহমদ শফী) বেহেশত নসিব করুন। তিনি জীবদ্দশায় বলে গেছেন মাননীয় প্রধানমন্ত্রীর মতো ইসলামপ্রিয় প্রধানমন্ত্রী আর হতে পারে না। পাঁচওয়াক্ত নামাজ পড়েন, পোশাকে-আশাকে তিনি সবসময় মুসলমান মা হিসেবে চলাফেরা করেন।
উপমন্ত্রী বলেন, যারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেন তাদের বলতে চাই আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে। আওয়ামী লীগের কর্মীরা শুধু সরকারে নয়, রাজপথেও আছে। রাজপথ ছাড়ি নাই সারাদেশের আওয়ামী লীগের কর্মীরা রাজপথে আছে।